সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, ‘বাংলাদেশের সাধারণ জনগণের বিচারিক ক্ষমতা অসীম। এ কারণেই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনে ভোট প্রয়োগের সুযোগ পেলে জনগণ তার সঠিক রায় দিতে কখনই ভুল করেন না। বিগত দিনগুলোতে আমরা এর অনেক প্রমাণ পেয়েছি। এবারও আমরা তাকিয়ে আছি জনগণের সেই রায় দেখার জন্য। শনিবার বসুন্ধরা সিটিতে মহাজোট সরকারের সফলতা-ব্যর্থতা নিয়ে অনুষ্ঠিত পৃথক দুটি ছায়া সংসদে বক্তারা এসব কথা বলেন। ছায়া সংসদ দুটিতে অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা। অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এবিএম মূসা বলেন, ‘শুধু একটি পতাকার জন্য এদেশ স্বাধীন হয়নি। এদেশে ন্যায়বিচার, জবাবদিহিতা, উন্নয়ন প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই প্রধান দুটি দলের মাঝে রাজনৈতিক সমঝোতা জরুরি।
দুটি ছায়া সংসদের প্রথমটিতে বিরোধী দল হিসাবে অংশগ্রহণকারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সরকারি দল আশা ইউনিভার্সিটি বাংলাদেশকে পরাজিত করে জয়ী হয়। অন্যটিতে বিরোধী দল হিসাবে অংশগ্রহণকারী প্রাইম ইউনিভার্সিটি সরকারি দল হিসাবে অংশগ্রহণকারী ঢাকা মেডিক্যাল কলেজকে পরাজিত করে জয়ী হয়।
