লোহাগড়ায় ১২ গ্রামের মানুষ ভাঙন আতঙ্কে

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৪
নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়েরবর বাজার, কালনা বাজারসহ আরো ১২টি গ্রামের ৩০ হাজার মানুষ অব্যাহত ভাঙ্গনে আতংকের মধ্যে রয়েছে। গত তিন বছরে ৩ হাজার হেক্টর জমি, ২ হাজার বসতবাড়ি, ১২০টি ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতবছর শিয়েরবর বাজার রক্ষার জন্য অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। নির্মিত বাঁধের নিচ থেকে বালুর বস্তাগুলো সরে গিয়ে নতুন করে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহে ৩০০ ঘরবাড়ি, কৃষি জমি, গাছপালা, দোকানপাট, নদীগর্ভে বিলীন হয়েছে। হাজারো মানুষ ভাঙ্গনের ভয়ে বাড়ি-ঘর সরিয়ে নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ভূমিহীন হয়ে অনেকে অন্যের বাড়িতে কামলা খাটছে। স্থায়ী বাঁধ নির্মাণ না করা হলে বাজারসহ পাঁচটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার জানান, এ জেলার ভাঙ্গন এলাকার তথ্য-উপাত্ত নিয়ে ডিপিপি করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয়ে এ ব্যাপারে জানানো হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।