বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামের ১২২ নং গাউছল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের দুর্ঘটনার মত ঘটনা যে কোন সময় ঘটতে পারে। শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে জানা গেছে, গাউছল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিটি কক্ষের ছাদ ও পিলারের লোহার খাঁচা ও রড দৃশ্যমান। পলেস্তরা খসে খসে পড়ছে। যে কোন মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে। অধিকাংশ সময়ই মাঠে অথবা গাছতলায় ইটের বেঞ্চিতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ক্লাস করতে হয়। রোদের প্রখরতা বৃদ্ধি পেলে ক্লাস করা অসম্ভব হয়ে পড়ে। আকাশে মেঘ ডাকলেই বাজাতে হয় ছুটির ঘণ্টা। প্রধান শিক্ষিকা নাজমুন নাহার জানান, বিদ্যালয়ের এ দুর্দশার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হয়েছে।
