সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একই স্থানে একই দিনে বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিল ও আলোচনা সভা আহ্বান করার ফলে পৌর এলাকার দুটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল শনিবার বেলা সাড়ে এগারটার দিকে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় পৌর এলাকার জিনিয়াস কোচিং ও মামুন হল এলাকায় শনিবার বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করে উপজেলা প্রশাসন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিম আলম জানান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি এম আকবর আলী উপজেলা বিএনপির পক্ষ থেকে ১৩ জুলাই উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিরা জিনিয়াস কোচিং সেন্টারের মামুন হলে ইফতার পার্টি ও আলোচনা সভা আহ্বান করে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীদের চিঠি প্রদান করে। এক পর্যায়ে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজাদ হোসেনও একই দিনে একই স্থানে ইফতার পার্টি ও আলোচনা সভা আহ্বান করে মাইকিং করে। এ নিয়ে উল্লাপাড়া উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এ জন্য উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।
