ঘাটাইলে তারাবি পড়া নিয়ে সংঘর্ষ

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৬
গতকাল শনিবার দুপুরে ঘাটাইল উপজেলার বেলদহ গ্রামে তারাবি নামাজকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও গ্রামবাসী জানান, বেলদহ জামে মসজিদে সুরা তারাবি না খতম তারাবি পড়া হবে এ নিয়ে গ্রামবাসীর মধ্যে প্রথম রোজা থেকেই মতপার্থক্য দেখা দেয়। দু’দিনেও এ মতপার্থক্যের নিরসন না হওয়ায় গতকাল দুপুরে বেলদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হন। আহতরা হলো: বেলদহ গ্রামের বজলুর রহমান (৪৮), মোতালেব হোসেন(৫৭) ও হুমায়ুন কবীর (৪২)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বজলুর রহমানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি।