মংলায় পুলিশ ও বনরক্ষীরা পৃথক অভিযান চালিয়ে দু’দিনের ব্যবধানে হরিণের মাংস ও চামড়াসহ দু’জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। বন বিভাগ ও পুলিশ জানায় , শুক্রবার ভোরে জয়মনির চাঁদপাই ফরেস্ট ঘাট সংলগ্ন শেলা নদী দিয়ে পশুর নদীর দিকে একটি ট্রলার যাওয়ার সময় ট্রলারটির গতিরোধের চেষ্টা চালায় বনপ্রহরীরা। এ সময় ট্রলারটি না থামিয়ে দ্রুত চালিয়ে শেলা নদীর জয়মনি পাড়ে ভিড়ে। সেখানে বনপ্রহরী গিয়ে ট্রলারটি আটকের পর তল্লাশি চালিয়ে একটি হরিণের চামড়া উদ্ধার করে। হরিণ শিকারীদের ব্যবহূত ট্রলারটি আটক করা হয়। এ সময় ট্রলারে সফিকুল ইসলামকে আটক করতে পারলেও পালিয়ে যায় রুবেল। অপরদিকে গত শনিবার সকালে শহরের মাছ বাজার এলাকায় প্রায় আড়াই কেজি রান্না করা হরিণের মাংসসহ শুক্কুর নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে। আটককৃত ব্যক্তির বাড়ি রামপাল উপজেলায়। পুলিশ বন আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে।
