কুমিল্লায় যুবলীগ কর্মী হত্যায় ১০ জন আসামি

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৮
কুমিল্লার সদর দক্ষিণের উত্তর রামপুর এলাকায় মোস্তাক আহমেদ (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ, স্থানীয় লোকজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আধিপত্য বিস্তারসহ পরিবহন খাতে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগ কর্মী আলমগীর হোসেন ও মোস্তাক আহমেদের মধ্যে বিরোধ চলছিল। গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মোস্তাক আহমেদ সদর দক্ষিণ উপজেলা পরিষদ থেকে জাঙ্গালিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন। মোস্তাক আহমেদ উত্তর রামপুর এলাকায় পল্লী বিদ্যুত্ কার্যালয়ের সন্নিকটে পৌঁছামাত্র প্রতিপক্ষ যুবলীগের কয়েকজন কর্মী তাকে ছুরিকাঘাতসহ রামদা দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে তার মাথা থেঁতলে দেয়। এতে মোস্তাক আহমেদ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মোস্তাক আহমেদের স্ত্রী সালমা আক্তার সুমী বাদি হয়ে যুবলীগ কর্মী আলমগীর হোসেন (৪০), স্বপন মিয়া (৩৬), হারেজ (৪২), মাহবুব (৩২), নয়ন (৩০), জসিম উদ্দিন (৩৮), শরীফ (৩২), সুমন (২৩), মিলন (২৩), সজল (২২) এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ওসি আইনুল হক জানান, ‘তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে।’