উলিপুরে সরকারি হলো ১২৫টি স্কুল

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৮
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১২৫টি রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করায় পাঁচ শতাধিক শিক্ষকের মাঝে আনন্দ-উল্লাস। গেজেট প্রকাশের পর গত বৃহস্পতিবার বিকালে শিক্ষকরা তাত্ক্ষণিকভাবে উপজেলা চত্বরে এক সভায় মিলিত হয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। জানা গেছে, জেলার উলিপুর উপজেলার ১২৫টি রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষক-শিক্ষিকাসহ সারাদেশের প্রায় লক্ষাধিক শিক্ষকের চাকরি গত ৯ জানুয়ারি জাতীয়করণের ঘোষণা দেয়া হয়। গত ১০ জুলাই গেজেট প্রকাশ হলে উপজেলার এসব শিক্ষক আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। ভদ্রপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন বলেন, কি-যে আনন্দ হচ্ছে, সেটা হয়তো আপনাকে বুঝাতে পারবো না। এখন ছেলেকে নিয়ে গর্বের সাথে বাঁচতে পারবো। সরদারপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা আঁখি বলেন, প্রাথমিক শিক্ষার ভিত মজবুত হবে। সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।