দিনাজপুরের ফুলবাড়িতে সিন্ডিকেট চক্রের অপ-তত্পরতায় অসহায় হয়ে পড়েছে প্রশাসন। উপজেলার যেকোন সরকারি দপ্তরের হাট-ঘাট, নদী-নালা, গাছপালা, বালু, পুকুরসহ বিভিন্ন প্রকার নিলাম ডাক হলেই তত্পর হয়ে ওঠে ঐ সিন্ডিকেট চক্রটি। সরকারের মূল্য যাই হোক না কেন, সিন্ডিকেট চক্রটি যা মূল্য নির্ধারণ করবে সেই মূল্যেই নিলাম ডাক দিতে বাধ্য হচ্ছেন কর্মকর্তারা। এমনিভাবে উপজেলার মেলাবাড়ি তহসিল অফিস সংলগ্ন মেলাবাড়ি বাজারের লক্ষাধিক টাকা মূল্যের দু’শ’ বছরের পুরোনো বটগাছ গত ৪ জুলাই সিন্ডিকেট করে মাত্র ৯ হাজার ৭০০ টাকায় কিনে নেয় ঐ চক্রটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের অফিস কক্ষে ঐ নিলাম ডাক অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামাল মোহাম্মদ রাশেদ বলেন, ঐ গাছের মূল্য নির্ধারণ করেছেন বন বিভাগের কর্মকর্তারা। ডাককারীরা মূল্য না বাড়ালে আমাদের কী করার আছে!
