এনায়েতপুরে চালু হচ্ছে খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২১:৫০
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয় বর্তমান শিক্ষাবর্ষেই চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষাবর্ষে বায়ো টেকনোলজি, বায়ো ক্যামেস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, ল’, ইংরেজিসহ মোট আটটি বিষয়ে প্রতিটিতে ৩০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। এ বিশ্ববিদ্যালয়ে দরিদ্র, মেধাবী, আদিবাসী ও মুক্তিযোদ্ধার সন্তানদের বিশেষ সুবিধা দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি হবে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত। সমপ্রতি জেলার কলেজগুলোর অধ্যক্ষদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বলেন, এ বছরেই এ বিশ্ববিদ্যালয় ছাত্র ভর্তি করা হবে। চেয়ারম্যানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল কাদের ভুঁইয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য ইউনুছ খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ক্যাপ্টেন (অব.) আব্দুস ছামাদ, অধ্যক্ষদের মধ্যে আব্দুল আজিজ সরকার, আব্দুল মান্নান সরকার, মোঃ হায়দার আলী, তাছমিন হোসেন, রেজাউল বারী বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জানান, দরিদ্র, মেধাবী ছাত্র-ছাত্রীসহ আদিবাসী এবং মুক্তিযোদ্ধার সন্তানদের বিশেষ ছাড়ে পাঠদান করা হবে। এতে উচ্চতর শিক্ষা গ্রহণে সকলেই সুযোগ পাবে।