ঝিকরগাছায় যুবক খুন
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা \ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বেনেয়ালী কলোনী গ্রামে বাবু (৩০) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে গভীর রাতে প্রাকৃতির ডাকে বাইরে বের হওয়া বাবুকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পিছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাবুর ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।
সদরপুরে নূর কল্যাণ ফাউন্ডেশনের ইফতার বিতরণ
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় গতকাল শনিবার নূরকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি লিল্লাহ্ বোডিং এতিমখানা ও আকটেরচর ইউনিয়নের ৬৫টি জামে মসজিদে ইফতারসামগ্রী হিসেবে ১৫ কেজি খেজুর ও ১০ কেজি করে চিনি বিতরণ করেন। নূরকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আঃলীগ ওলেমা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদ মাওলানা শহীদউল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি মোঃ চান মিয়া, সদরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আলী বিশ্বাস, আকটেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী মনিরুল হক মুরাদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ তারা মিয়া খান, মোঃ আনসার উদ্দিন, আব্দুর জলিল বেপারী প্রমুখ।
তেরখাদার ছাত্রলীগের নবীন বরণ
তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে গত ১৩ জুলাই সকালে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরুল সাহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফকির মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা মোঃ হিজবুল্লাহ, ছাত্র নেতা মোঃ আনিচুল হক, মোঃ আলীনুর রহমান।
ফরিদগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ ফরিদগঞ্জ পৌরসভার ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট গত বুধবার ঘোষনা করেছেন মেয়র মঞ্জিল হোসেন। বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, বিশেষ অতিথি ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আ: আউয়াল মিয়াজী, আমির হোসেন পাটওয়ারী বক্তব্য রাখেন। এছাড়াও সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, নুরুন্নবী নোমান, রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা মো: মহিউদ্দিন, নজরুল ইসলাম নজু, প্যানেল মেয়র নজরুল ইসলাম বক্তব্য রাখেন। পরে দু:স্থ মুক্তিযোদ্ধা ও অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান মালিকদের মধ্যে অনুদানের চেক বিতরন করা হয়।
রানীনগরে আশা’র স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় নওগাঁর রানীনগরে আশা’র ৭টি ব্রাঞ্চে একযোগে আশা’র মহিলা সদস্য ও আশেপাশের মহিলাদের নিয়ে “সুষম খাদ্য, পুষ্টি ও পুষ্টিহীনতার প্রতিকার ” বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আশা’র রানীনগর ২নং ব্র্যাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন আশা’র রানীনগর আঞ্চলিক শাখার ম্যানেজার ( আর.এম) আ ঃ মালেক । এছাড়াও আলোচনা করেন সাংবাদিক এম.এ.রউফ (রিপন), রানীনগর ১নং ব্রাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন, সহকারী ম্যানেজার জুয়েল রানা, লোন অফিসার বাবলুর রশিদ প্রমুখ।
দেবীগঞ্জে ডলোচুন প্রয়োগের উপর মাঠ দিবস
দেবীগঞ্জ(পঞ্চগড় )সংবাদদাতা \ শসার অধিক ফলনে ডলোচুন প্রয়োগের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার এসএমআর এইড কর্ণেল এফ এফ পি প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ কলেজ মাঠে কৃষক মাঠ দিবসের আয়োজন করে দেবীগঞ্জ উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর। মাঠ দিবসের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আল মামুন।
চৌডালায় নিহত চেয়ারম্যানের মা বিজয়ী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউপি’র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নিহত চেয়ারম্যান খায়রুল আলম নাটু’র মা খাতুন টুনি মিঞা ১১ হাজার ৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনাসারুল হক (তালা) পেয়েছেন ৬ হাজার ৬শ’ ৮৮ ভোট। গত ২৫ এপ্রিল এক সড়ক দুর্ঘটনায় ওই ইউপি চেয়ারম্যান মারা গেলে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
শিবালয়ে ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে মামলা
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলার কোলা গ্রামের উফাজ উদ্দিনের বখাটে পুত্র মো. সোহেল রানার (১৮) বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিবালয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করায় সোহেল গা-ডাকা দিয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই আমিনুর রহমান আমান শুক্রবার জানান, সোহেল রানাসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গাইবান্ধায় অবিভাগীয় ডাক কর্মচারীদের সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি\ অবিভাগীয় ডাক কর্মচারীদের চাকরি অবিলম্বে জাতীয়করণ এবং ন্যূনতম ৮ হাজার টাকা মাসিক ভাতার দাবিতে গত বৃহস্পতিবার গাইবান্ধায় ডাক কর্মচারীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কর্মচারী ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, গাইবান্ধা জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা কর্মচারী ইউনিয়নের নেতা সুকুমার চন্দ্র মোদক, আব্দুর রউফ, আজিজার রহমান, কান্তি ভূষণ প্রমুখ। বক্তব্য শেষে মঞ্জুরুল আলমকে আহ্বায়ক ও সুকুমার চন্দ্র মোদককে সদস্য সচিব করে জেলা সংগ্রাম কমিটি
গঠিত হয়।
পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন
গাইবান্ধা প্রতিনিধি\ ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীর জুনদহ ব্রিজ এলাকায় গত শুক্রবার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক মহিলা (২৫) বাস যাত্রী নিহত ও ৮ জন আহত হয়েছে। আহতদের পলাশবাড়ী ও গাইবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফারুক হোসেন জানান, সকাল ৮টার দিকে বগুড়া থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
আড়াইহাজারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি কাওছারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কাওছার ওই গ্রামের আঃ বাতেনের ছেলে। আড়াইহাজার থানার ওসি আখতার মোরশেদ জানান, ২০১১ সালের চেক জালিয়াতির একটি মামলায় নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কাওছারকে ২ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এর পর থেকে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। গত শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।
চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা\ গত বৃহস্পতিবার রাতে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারের মোটরসাইকেল চালক নুরনবীকে (৩৫) যমুনা নদীর দুর্গম চরে গলা কেটে হত্যা করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। নিহত নূরনবী মাদারগঞ্জের বালিজুড়ি থেকে বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে ভাড়ায় মোটরসাইকেল চালাত। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার সীমান্ত সংলগ্ন বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের দক্ষিণ জামথল গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
অষ্টগ্রামে বাড়ির সীমানা নিয়ে হামলায় নিহত ১
কিশোরগঞ্জ প্রতিনিধি\ অষ্টগ্রাম উপজেলার দক্ষিণ আবদুল্লাহপুর (পূর্বপাড়া) গ্রামে দুই পরিবারের বাড়ির সীমানা নিয়ে ঝগড়ার জেরে এক ব্যক্তি নিহত হয়েছে। দারগ আলীর পুত্র নিহত তারা মিয়ার (৩৭) সঙ্গে তার চাচাত ভাই জয়নাল ও আমিরের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। ৩/৪ দিন আগেও এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। গত বৃহস্পতিবার তারা মিয়া ইফতার কিনে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে চাচাত ভাইরা বল্লম নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অষ্টগ্রাম সার্কেলের এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত শুক্রবার জেলা সদর হাপসাপাতালের মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।
ইটনায় হত্যা মামলার আসামি গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি\ ইটনা থানার পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলংজুরি বাজার থেকে হত্যা মামলার আসামি রইছউদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে। সে ঢাকার কাফরুল থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার পলাতক আসামি। সে এলংজুরি গ্রামের আবুল হোসেনের পুত্র। তাকে গত শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।
ডোমারে নদী থেকে শিশুর লাশ উদ্ধার
ডোমার (নীলফামারী) সংবাদদাতা\ নীলফামারীর ডোমার উপজেলার দেওনাই নদী থেকে বামুনিয়া ইউনিয়নের মোঃ ফজলুর রহমানের কন্যা ফজিলা খাতুন (৪) এর লাশ বোড়াগাড়ী ব্রীজ সংলগ্ন পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে । ফজিলার বাবা ফজলার রহমান জানান, শুক্রবার সকাল থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বোড়াগাড়ী ব্রীজ সংলগ্ন পাটক্ষেত থেকে তার লাশ পাওয়া যায়।
গোসল করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ পীরগঞ্জ থানা পুলিশ গতকাল শুক্রবার টাঙ্গন নদীর আতাইতলা ঘাট থেকে পীরগঞ্জ পাইলট হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ইফতেখার আলম সায়েমের (১৪) লাশ উদ্ধার করেছে। জানা যায়, গত ১০ জুলাই পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ আলমের পুত্র ইফতেখার তার ২ বন্ধুর সাথে টাঙ্গন নদীতে গোসল করার জন্য সাগুনী ঘাটে যায়। কিন্তু সাঁতার না জানায় একপর্যায়ে সে নদীতে ডুবে যায়। গত শুক্রবার টাঙ্গন নদীর আতাইতলা ঘাটে ইফতেখার আলম সায়েমের লাশ পাওয়া যায়।
বাগমারায় অগ্নিকাণ্ডে বাড়ি ভস্মীভূত
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ বাগমারার ঝিকরা ইউনিয়নের শিবদেব পাড়ায় এক বাড়িতে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে বাড়ির মালিক কৃষক এমদাদুল হক জানিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত বৃহস্পতিবার বাড়ির লোকজন রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে হঠাত্ বাড়ির লোকজন ধোঁয়ার গন্ধ পেয়ে ঘুম থেকে জেগে আগুন দেখতে পায়। এ সময় বাড়ির মালিক চিত্কার দিলে এলাকার লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। এলাকার লোকজন ধারণা করছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
বাগমারার সংসদ সদস্যের ভাই গ্রেফতার
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামূল হকের ছোট ভাই রেজাউল হক লেদা (৪৫) কে গ্রেফতার করেছে বাগমারা থানা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিকদারী বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে হাজতে প্রেরণ করে। থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, লেদার বিরুদ্ধে তার স্ত্রী নাছিমা খাতুনের দায়ের করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আদালতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে বলে তিনি সাংবাদিকদের জানান।
হোসেনপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুরে সাথী বেগম (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধূলিহর গ্রামের মনিরউদ্দিনের মেয়ে সাথী বেগমের সাথে একই গ্রামের ফুরকানউদ্দিনের সাথে একবছর আগে বিবাহ হয়। গত বৃহস্পতিবার রাতে মেয়ের পিত্রালয়ে সেহরী খেয়ে স্বামীর সাথে ঘুমাতে যায় সাথী। শুক্রবার সকালে স্বামীর ডাক-চিত্কারে বাড়ির লোকজন সাথী বেগমকে অজ্ঞান অবস্থায় হোসেনপুর সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মেয়ের পিতা থানায় অভিযোগ দায়ের করেছে।
দৌলতপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবিতে নিহত ১
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবিতে কিতাব আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। সে রামকৃষ্ণপুর ইউনিয়নের কেডিআই গ্রামের জাফ্ফার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দারের চর থেকে কৃষিকাজ করে ট্রলারযোগে ২০ কৃষক কেডিআই গ্রামে বাড়ি ফেরার সময় পদ্মা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ২০ যাত্রীর মধ্যে ১৯ জন তীরে উঠলেও এক কৃষক নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পর গতকাল শুক্রবার বিকালে আবেদেরঘাট নামক স্থান থেকে নিখোঁজের লাশ উদ্ধার করা হয়।
নবাবগঞ্জে বিদ্যুতায়নের উদ্বোধন
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুরস্থ দিনাজপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর অধীন নবাবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আজিজুল হক চৌধুরী। গত শুক্রবার পুটিমারা ইউনিয়নের শেরনগর গ্রামে ও বিনোদনগর ইউনিয়নের কাঁচদহ গ্রামে এই নতুন সংযোগের সূচনা করা হয়। এসময় দিনাজপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী আঃ রাজ্জাক, এলাকা পরিচালক মাহমুদুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন।
ত্রিশালে আওয়ামী লীগের আলোচনা সভা
ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে গত শুক্রবার আওয়ামী লীগের ইফতার পার্টি ও আলোচনা সভা কোনাবাড়ী ছাওতুল হেরা এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। ত্রিশাল সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কৃষক লীগের সাঃ সম্পাদক ছফিরউদ্দিন শেখ, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমিন, প্রজন্ম লীগ সভাপতি ইমরান হোসেন বুলবুল।
বিদ্যুত্স্পৃষ্টে কলেজ ছাত্রীর মৃত্যু
নওগাঁ প্রতিনিধি ও রাণীনগর সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গতকাল শনিবার মরিয়ম নেছা (১৮) নামে কলেজ পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মরিয়ম উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মুনছুর আলীর মেয়ে ও রাণীনগর মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
কাউখালীতে মহিলা পরিষদের সভা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি \ কাউখালী মহিলা কলেজে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগঠন উপ-পরিষদের উদ্যোগে গতকাল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃনমূলে কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণীদের সাথে সাংগঠনিক সভা হয়েছে। সংগঠনের সভাপতি জাহানূর বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক নূরজাহান বেগম, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, কেন্দ্রীয় সদস্য ও পিরোজপুর জেলা শাখার সভাপতি মনিকা মণ্ডল, সাধারণ সম্পাদক হেলেনা রফিক, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য সুনন্দা সমাদ্দার, কাউখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. লুত্ফর রহমান প্রমুখ।
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের গোখরা নামক স্থানে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে উত্তেজিত জনতা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। নিহত পথচারী হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর সিঙ্গাইল গ্রামের ইব্রাহীমের ছেলে ইমাম হোসেন (৩২)।
পেট্রাপোল সীমান্তে যুবকের লাশ উদ্ধার
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল চেকপোস্ট সংলগ্ন ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে গতকাল শনিবার ভোরে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভারতীয় বিএসএফ। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আ. মান্নান জানান, নিহত যুবক কোন দেশের নাগরিক বা তার নাম-পরিচয় কি তা জানা যায়নি। বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মতিউর রহমান জানান, লাশ ভারতীয় সীমানার ভিতরে থাকায় বিএসএফ লাশটি নিয়ে গেছে।
বেনাপোল সীমান্তে ৬ লাখ টাকার ইলিশ আটক
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ চোরাপথে ভারতে পাচারের সময় গতকাল শনিবার ভোরে বেনাপোলের বড় আচড়া সীমান্ত থেকে ৬ লাখ টাকার ইলিশ মাছ আটক করেছে বিজিবি। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বড় আচড়া সীমান্তে অভিযান চালিয়ে একটি নসিমন বোঝাই ১১ কার্টন ইলিশ মাছ আটক করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
মহেশপুর ডিগ্রি কলেজের ছাত্রলীগের মিছিল
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ শনিবার সকালে নবীনদের স্বাগত জানিয়ে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগের পক্ষ থেকে মিছিল বের হয়। কলেজ শাখার আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান, সাজ্জাত হোসেন, সাদ্দাম হোসেন, তাইজুল ইসলাম, আজানূর ও তরিকুল ইসলাম নেতৃত্ব দেয়। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এমএ আসাদ।
