পাকিস্তানে আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাবনা রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মেয়াদ ৮ সেপ্টেম্বর পর্যন্ত। কাজেই আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে তার উত্তরসূরি নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার এ কথা জানান। -খবর ডন অনলাইনের।
নির্বাচন কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি রিয়াজ কায়ানি জানান, সংবিধানের ৪১(৪) ধারা অনুযায়ী আগামী ৮ আগস্টের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে সরকারের তরফ থেকে কোন অনুরোধ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোন কিছু তার জানা নেই। তিনি বলেন, কমিশন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করতে বাধ্য এবং আগামী ২০ জুলাইয়ের মধ্যে অবশ্যই নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে হবে। গত ১১ মে’র সাধারণ নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল জারদারির পাকিস্তান পিপলস পার্টি জাতীয় পরিষদে অনেক আসন পাবে এবং সে কারণে তিনি পরবর্তী প্রেসিডেন্ট থেকেই যাবেন। কিন্তু ওই নির্বাচনে তার দলের ভরাডুবির কারণে সে আশা গুড়েবালি হয়ে যায়। নির্বাচনে তার দলের পরাজয়ের পর তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না।
