যুক্তরাষ্ট্রে গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন শুক্রবার মস্কোর বিমানবন্দরের ট্রানজিট এলাকায় শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধি এবং আইনজীবীদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, রাশিয়াতেই সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় নিতে চান তিনি। আপাতত কোথায় যাওয়া সম্ভব না হওয়ায় স্নোডেন দ্বিতীয়বার রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
যুক্তরাষ্ট্র পাসপোর্ট বাতিল করে দেয়ায় মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় গত তিন সপ্তাহ ধরে আটকা পড়ে আছেন স্নোডেন। সেখানে থেকেই ই-মেইলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিসহ প্রায় ১০ জন মানবাধিকার কর্মীকে বৈঠকে যোগ দেয়ার আমন্ত্রণ জানান তিনি।
