রাজশাহী বিভাগীয় শ্রম আদালত গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সাময়িকভাবে স্থগিতের আদেশ দিয়েছেন। এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই দ্বি-বার্ষিক নির্বাচনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালিক সমিতির সদস্য আব্দুল মালেক নাপু গতকাল শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান।
তিনি আরো জানান, বিদায়ী নির্বাহী কমিটি ক্ষমতা হস্তান্তরের কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন ২০১৩-২০১৫ সালের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল তড়িঘড়ি করে ঘোষণা করেন। তফশীলে দেখা যায় বিগত কমিটি গত ২৫ জুন তারিখে ৮৮ জন সদস্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত ও প্রণয়ন করেছিলেন। নির্বাচন কমিশন হুবুহু সেটিকে অনুসরণ করেছেন। এ কারণে তারা চূড়ান্ত ভোটার তালিকায় অনিয়ম, ভুয়া ব্লুবুক ধারীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা, বৈধ মালিকদের ভোটার না করাসহ বিভিন্ন অভিযোগ এনে রাজশাহী বিভাগীয় শ্রম আদালতে আবেদন করেন।
