সিলেটে হঠাত্ বেড়েছে ডাকাতি ছিনতাই

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৩৯
সিলেটে হঠাত্ করে ডাকাতি-ছিনতাই বেড়েছে। ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছেন মানুষ। রমজানের মাসের জন্য এবং ঈদের বাজার করতে প্রবাসীরা দেশে বাড়তি টাকা পাঠাচ্ছেন। আর বিষয়টি মাথায় রেখে ডাকাত ও ছিনতাইকারীরা অপকর্মে নেমেছে। বাড়ছে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উত্কণ্ঠা। তবে পুলিশ জানায়, পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বড় বড় মার্কেটসহ নগরীর গুরুত্বপূর্ণ সকল এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকছে। রাতের বেলা র্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে। জানা যায়, সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার তালোপাড়া গ্রামে মিনহাজ রশিদ মোক্তারের বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়। হ্যাফপ্যান্ট পরিহিত ১৫-১৬ জনের ডাকাতদল ঘরের কলাপসিবল গেইট ও দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪৫ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা, দুটি আইফোন ও আটটি মোবাইল সেটসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটে নেয়। গত মঙ্গলবার দিনের বেলা নগরীর জেল রোডে ছিনতাইকারীর কবলে পড়েন দু’ মহিলা। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে শহরতলীর লাক্কাতুরা চা বাগানের ম্যানেজার কৌশিক আহমদের বাংলোতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ১০-১২ জনের ডাকাতদল বাগানের প্রহরীদের বেঁধে রেখে বাংলোয় ঢুকে নগদ ৩৫ হাজার টাকা, ৩টি মোবাইল সেট, ডিজিটাল ক্যামেরাসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় মামলা হয়েছে। গত শুক্রবার সিলেটের ওসমানী নগরে দিনের বেলা মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী এক ব্যক্তির টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় হাতে নাতে আটক হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের মনির উদ্দিনের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নেয়। এর আগে গত ৭ জুলাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জফির সেতুর কোম্পানীগঞ্জস্থ গ্রামের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৯ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এজাজ আহমদ বলেন, ডাকাতি-ছিনতাই প্রতিরোধে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরো বলেন, ব্যাংক থেকে বেশি টাকা উত্তোলনকালে তা পুলিশকে অবহিত করলে পুলিশ যথাযথ নিরাপত্তা দেবে।