ভারতে পাচারকালে বেনাপোলে ৬ লাখ টাকার ইলিশ মাছ আটক

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৪০
চোরাই পথে ভারতে পাচারকালে গতকাল শনিবার ভোরে বেনাপোলের বড় আচড়া সীমান্ত থেকে ৬ লক্ষ টাকার ইলিশ মাছ আটক করেছে বিজিবি। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়আচড়া সীমান্তে অভিযান চালিয়ে গতকাল একটি নসিমন থেকে ১১ কার্টুন ইলিশ মাছ আটক করা হয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক করা ইলিশ মাছ নিলামে বিক্রি করার জন্য যশোর বিজিবির হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে। এদিকে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে গতকাল ভোরে এক যুবকের লাশ উদ্ধার করেছে বিএসএফ। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আ. মান্নান বলেন, বেনাপোল চেকপোস্ট থেকে তিনশ গজ উত্তর-পশ্চিমে ১৮ নম্বর সীমানা পিলারের ৫০ গজ পশ্চিমে ভারতের হাকর নদীতে এক যুবকের লাশ পড়ে ছিল। নিহত যুবক কোন দেশের নাগরিক ও তার পরিচয় জানা যায়নি। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মতিউর রহমান জানান, ভারতের সীমানার ভেতরে থাকায় বিএসএফ লাশটি নিয়ে গেছে।