আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট নিয়ে পৃথিবীর আর কোনো দেশে নিশ্চিত এতো আগ্রহ নেই। কাল সারাদিন ধরে ক্রিকেট মহলে প্রধান প্রশ্ন ছিল—আকসু টিম এখন কোথায়? প্রশ্নটা স্বাভাবিকই ছিল। কারণ, আগে শোনা গিয়েছিল গতকাল সকালেই ঢাকা আসার কথা ছিল আকসুর একটি তদন্তকারী দল। সারাদিন রহস্য উপন্যাসের মতো উড়ো ও পরষ্পর বিরোধী খবরের পর সন্ধায় জানা গেল, গতকাল রাতে ঢাকায় পৌঁছানোর কথা এই দলের। তার চেয়েও বিচিত্র কথা হল, রাতে জানা গেল আকসু দল আজকেই আসতে পারে ঢাকায়।
আকসুর এই সফর বাংলাদেশকে আসলে তেমন কোনো নতুন তথ্য জানাতে না; এই সফরেও তারা চূড়ান্ত রিপোর্ট দেবে না। এটুকু শুধু জানা গেছে যে, ‘অধিকতর তদন্ত’ করতে এই সফরে আরও কিছু জিজ্ঞাসাবাদ করবে তারা।
এই পুরো তদন্ত কাজটি চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের অন্তত দুটি ম্যাচ নিয়ে। গত কয়েক মাস ধরে তদন্তে বেশ কয়েক জন খেলোয়াড় ও দল মালিকের নাম পত্রপত্রিকায় এসেছে। এর মধ্যে নিজের অপরাধ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উল্লেখিত দুটি ম্যাচে ঢাকা গ্লাডিয়েটর্সের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ইতোমধ্যে তিনি সাময়িক নিষিদ্ধও হয়ে আছেন। তবে সব মিলিয়ে কোন খেলোয়াড়ের বিপক্ষে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা নির্ভর করছে আকসুর রিপোর্ট পাওয়ার ওপরে।
আকসুর রিপোর্ট পাওয়ার অন্তত দুটি তারিখ এর মধ্যে চলে গেছে। কিন্তু ‘অধিকতর তদন্ত’ করার জন্য আকসু দফায় দফায় রিপোর্ট দেওয়ার সময় পিছিয়েছে। এর আগে সর্বশেষ লন্ডনে আইসিসির সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানতে পারেন, আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে আসতে পারে আকসু রিপোর্ট। তার আগে বিদেশে ও ঢাকায় আরও কিছু জিজ্ঞাসাবাদ হবে।
