৩৪তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার পুনর্মূল্যায়িত ফল আজ রবিবার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল শনিবার ছুটির দিনে পিএসসির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পুনর্বিবেচনার পর আগের মতো প্রচলিত পদ্ধতিতেই সংশোধিত ফল প্রকাশ করা হচ্ছে। এদিকে ফল পুনর্মূল্যায়নের ঘোষণা এলেও কোটা তুলে দেয়ার দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। কোটা বাতিলের দাবিতে তারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ রবিবার ধর্মঘট ডেকেছে। দাবি না মানলে সোমবার থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দেয়া হয়েছে।
প্রিলিমিনারী পরীক্ষার পুনর্মূল্যায়িত ফল প্রকাশের বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন ইত্তেফাককে বলেন, পিএসসির বৈঠকে ৩৪তম বিসিএসের ফলাফল-সংক্রান্ত সার্বিক বিষয় পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা হয়। রবিবারই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
শনিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগের বিসিএসের প্রিলিমিনারীর ফলে যে পদ্ধতি অনুসরণ করা হতো, সংশোধিত ফলেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের এই পরীক্ষার প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারীর ফল গত সোমবার প্রথম দফায় প্রকাশ করা হয়। এতে ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৩ জন। তবে কোটা পদ্ধতি অনুসরণ করে ফল প্রকাশ করায় মেধাবী অনেকে শুরুতেই বাদ পড়েছে বলে অভিযোগ তুলে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের বিক্ষোভ-প্রতিবাদের মুখে ফল ঘোষণার দুইদিনের মাথায় ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় পিএসসি। পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল নির্ধারণে পূর্বের ন্যায় প্রচলিত পদ্ধতি অনুসরণ করে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তবে এবারই প্রথমবারের মতো প্রিলিমিনারীতেও কোটা পদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হন। এ নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। গত ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। এবার রংপুরসহ সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি কেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক: বিসিএস পরীক্ষাসহ সব সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা বাতিলসহ ৫ দফা দাবিতে আজ রবিবার সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে শাহবাগের ‘মেধামূল্যায়ন মঞ্চে’র আন্দোলনকারীরা। গতকাল শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
