ভাষণ বিক্রি করে আয় করছেন হিলারি

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২৩:১২
কয়েক মাস আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন হিলারি ক্লিনটন। কিন্তু তাই বলে অবসরে নেই তিনি। তিনি ভাষণ দিতে গিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে বিনিময়ে নিচ্ছেন অনেক অর্থ। ভাষণ প্রতি দুই লাখ ডলারেরও বেশি নিচ্ছেন হিলারি। খবর এনডিটিভি’র। ২০০১ সালে বিল ক্লিনটন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর বিল ক্লিনটন একশত মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ আয় করেছেন। বিল ক্লিনটন গত বছর ভাষণ দিয়ে আয় করেছেন ১৭ মিলিয়ন মার্কিন ডলার। এটা অনেকটা তাদের পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে। আর হিলারির ভাষণের চাহিদা ব্যাপক। তার জনপ্রিয়তাও রয়েছে। বিভিন্ন শিল্পগোষ্ঠীর অনুষ্ঠানে শিকাগো, লস অ্যাঞ্জেলেস, মিশিগান, ডালাসসহ বিভিন্ন জায়গায় ভাষণ দিয়েছেন হিলারি। এসব ভাষণে ২০ হাজারের মতো শ্রোতা উপস্থিত থাকতে দেখা গেছে। ভাষণ প্রতি তাকে দুই লাখ ডলার দিতে হয়। তার বক্তৃতার সময়সূচি সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মুখপাত্র। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন হিলারি। তবে এ বিষয়ে হিলারি কিছু জানাননি।