মুরসিকে মুক্তি দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২৩:১৩
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মুক্তি দিতে মিসরের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মুরসির হাজার হাজার সমর্থক তাকে ক্ষমতা পুনর্বহালের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, এর আগে মুরসিকে মুক্তি দেয়ার ব্যাপারে জার্মানি যে আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্র তার সাথে একমত পোষণ করে। যুক্তরাষ্ট্র এখন ‘প্রকাশ্যে’ একই অনুরোধ জানাচ্ছে। খবর এএফপির। মিসরের অন্তর্বর্তী সরকারের নেতাদের মতে, ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্টকে একটি নিরাপদ স্থানে বন্দি রাখা হয়েছে। গত ৩ জুলাই মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। শুক্রবার রাজধানী কায়রোতে মুরসির সমর্থক ও বিরোধীরা পাল্টাপাল্টি সমাবেশ করলে সেখানে নতুন করে সহিংসতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবারের বিক্ষোভ-সমাবেশে ইসলামপন্থীদের প্রধান নেতা সাফওয়াত হেগাজি বলেন, আমরা এ প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখবো। ‘আমরা প্রয়োজনে এক বা দুই মাস এমনকি প্রয়োজন হলে এক বা দুই বছর এখানে অবস্থান করবো। আমাদের প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল না করা পর্যন্ত আমরা স্থান ত্যাগ করবো না।