কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২৩:১৫
গাজীপুর সদরের জিরানী এলাকার মাছিহাতা সোয়েটার কারখানা বন্ধের প্রতিবাদ ও তা খুলে দেয়ার দাবিতে গতকাল শনিবার সকালে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়। পুলিশ ও কারখানা শ্রমিকরা জানায়, গত বৃহস্পতিবার ওই কারখানার এক শ্রমিককে মালিকপক্ষের লোকজন মারধর করে। এ ঘটনা জানাজানি হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ ওইদিন সকালে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। কারখানা খুলে দেয়ার দাবিতে শনিবার সকাল থেকে শ্রমিকরা কারখানা গেটে জড়ো হতে থাকে। মাছিহাতা সোয়েটার কারখানার শ্রমিকরা আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকদের কাজ বন্ধ রেখে রাস্তায় নামতে বাধ্য করে এবং দাবি সম্বলিত শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। সকাল ১১টার দিকে তারা কালিয়াকৈর-নবীনগর-উত্তরবঙ্গ মহাসড়কে কাঠের গুঁড়ি ফেলে তাতে আগুন ধরিয়ে অবরোধ করে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫জন শ্রমিক আহত হয়। এক পর্যায়ে শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মাছিহাতা সোয়েটারের আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষাণা করা হয়েছে। জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাছিহাতা সোয়েটার কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।