বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত মিশেল ট্রাঙ্কউয়ে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ফলপ্রসূ ও অর্থবহ সংলাপের উপর জোর দিয়েছেন। ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে শনিবার প্রদত্ত এক বাণীতে রাষ্ট্রদূত বলেন, আমরা প্রবলভাবে বিশ্বাস করি সব রাজনৈতিক দল একটি অর্থবহ সংলাপে বসবে। যাতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ সুগম হবে।
ফরাসী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ইউরোপীয় ইউনিয়ন স্থগিত বা প্রত্যাহার করবে না। তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা, কর্ম পরিবেশ, শ্রমিক অধিকার নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর দ্রুত বাস্তবায়ন জরুরি। রানা প্লাজা ট্রাজেডির পর আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বিদেশি সহযোগিদের সহায়তায় সরকার সহসাই সংস্কারমূলক কাজগুলো সম্পন্ন করবে আশাকরি। ফরাসী অনেক বড় বড় প্রতিষ্ঠান বহু বছর ধরে বাংলাদেশে বিনিয়োগ করছে। ফ্রান্স সরকার বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে চায়।
