বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ভারতের ‘বিষাক্ত’ কয়লা আমদানি করে রামপালে তাপ বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। তাই বিএনপি ক্ষমতায় গেলে রামপাল তাপ বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন আয়োজিত ‘সুন্দরবনকে বাঁচাতে হলে রামপাল বিদ্যুেকন্দ্র বন্ধের বিকল্প নেই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি ড. শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন- অধ্যাপক ড. মো. সদরুল আমিন, অধ্যাপক আনু মোহাম্মদ, ড. আবদুল মতিন, সৈয়দা রেজওয়ানা হাসান প্রমুখ।
ড. মঈন খান ভারতের সঙ্গে করা সব চুক্তিকে সরকারের গোপন চুক্তি উল্লেখ করে আরো বলেন, রামপালে তাপ বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ১০ বছরে সুন্দরবনসহ দেশের বৃহত্ অংশ ধ্বংস হয়ে যাবে। ফসলি জমি নষ্ট হবে ২ হাজার একর। ৮ হাজার পরিবারকে উচ্ছেদ করা হবে।
