একটানা ১১ দিন বিরতির পর আজ রবিবার জাতীয় সংসদের অধিবেশন আবার বসছে। রমজান মাসের কারণে অধিবেশন সকাল ১১টায় শুরু হয়ে বিরতি ছাড়াই তিন ঘণ্টা চলবে। বেশ কয়েকটি বিল পাস করার জন্য বাজেট অধিবেশন নির্ধারিত সময়ে শেষ না হয়ে প্রলম্বিত হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, আজ অধিবেশন শুরু হলেও চলতি সপ্তাহেই মুলতবি হবে কিনা সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তবে আরেকটি সংক্ষিপ্ত অধিবেশন আহ্বানের বিষয়টি মাথায় রেখে চলতি অধিবেশন মুলতবি করা হবে। এদিকে প্রধান বিরোধী দল বিএনপি বিভিন্ন বিষয়ের উপর সংসদে আলোচনার জন্য ৬৭টি মুলতবি প্রস্তাব জমা দিয়েছে। বিএনপির সূত্র জানায়, নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার পর বর্তমানে সংসদে আইন প্রণয়ন ছাড়া তেমন কোন কাজ নেই। সে কারণে বিরোধী দলের পক্ষ থেকে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য চাপ দেয়া হবে।
সংসদ সচিবালয় আরও জানায়, আটটি বিল চলতি অধিবেশনেই পাস করা হবে। এর মধ্যে ব্যাংক কোম্পানি আইন (সংশোধন), শ্রম আইন (সংশোধন) রয়েছে। গত ৩ জুন বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশন শুরু হয়। সম্পূরক বাজেট, অর্থ বিল ও নতুন অর্থবছরের বাজেট গত ২৯ এবং ৩০ জুন পাস হয়েছে। বর্তমান মহাজোট সরকারের সময় এই প্রথম বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল অধিবেশনের পুরো সময় সংসদে উপস্থিত ছিলো।
