মারস করোনাভাইরাসের আশঙ্কা

পবিত্র স্থান পরিদর্শনের সময় মুখোশ পরার পরামর্শ সৌদির

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২৩:২১
সৌদি আরবে আসন্ন হজ্বের সময় পবিত্র স্থান পরিদর্শনের সময় মুখে মুখোশ পরার পরামর্শ দেয় দেশটির সরকার। মারস করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য এই পরামর্শ দেয়া হয়েছে। খবর বিবিসির। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। বয়স্ক ব্যক্তি যারা রোগে আক্রান্ত তাদের হজ্বে আসতে বারণ করা হয়েছে। সমপ্রতি করোনাভাইরাসের কারণে দেশটিতে ৮৩ জন মারা গেছে। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য হজ্বে লাখ লাখ মুসলমান সৌদি আরবে আসবে বলে মনে করা হচ্ছে। তারা কাবা শরীফে বিভিন্ন পবিত্র স্থান পরিদর্শন করেন। সরকার হাজিদের কাশির সময় টিস্যু ব্যবহার এবং আসার আগে প্রয়োজনীয় টিকা নেয়ারও পরামর্শ দিয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে আরব উপদ্বীপে মারস (মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম) করোনাভাইরাসের আবির্ভাব হয়।