যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের একটি সেমিনারে অংশ নিতে আগামীকাল সোমবার লন্ডন যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা, চলমান রাজনীতি এবং আগামী জাতীয় নির্বাচন সংক্রান্ত সামগ্রিক বিষয় নিয়ে সেমিনারে আলোচনা হবে।
এতে বিএনপির নেতৃত্ব দিবেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৭ জুলাই সেমিনারের ‘হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অব বাংলাদেশ’ অংশে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
দলের ভাইস চেয়ারম্যান ও প্রতিনিধি দলের সদস্য শমসের মুবিন চৌধুরী জানান, ১৫ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। ১৮ জুলাই দেশে ফিরবেন। প্রতিনিধি দলে আরও থাকছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার নওশাদ জামিল এবং লন্ডনে অবস্থানরত ঢাকা জেলা বিএনপির সভাপতি এম এ মান্নান, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম।
