হেফাজতের আমিরের বক্তব্যের নিন্দায় ১৭ বিশিষ্ট ব্যক্তি

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ০০:৩৪
নারীকে নিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১৭ বিশিষ্ট ব্যক্তি। গতকাল ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে তারা প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহমদ শফী ওয়াজে নারী সমাজ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য বিকৃত মানসিকতার পরিচায়ক। তিনি পোশাক শিল্পে কর্মরত নারী কর্মীসহ সব কর্মজীবী নারী ও উচ্চ শিক্ষারত নারীকে চরম অপমান করেছেন। বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষ সম-অধিকারের যে বিধান রয়েছে, তার এ বক্তব্য এর পরিপন্থি। তারা বলেন, শফীর নেতৃত্বে হেফাজতে ইসলামের এ ধরনের মানসিকতা নারীকে পুনরায় অবরোধবাসিনী ও উন্নয়নমুখী দেশকে মধ্যযুগে প্রত্যাবর্তন করতে উদ্যত হয়েছে। তাই, আমরা জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানকে এ ধরনের অপশক্তির তুষ্ট কিংবা লালন করা থেকে বিরত থাকার আহ্বান করছি। তারা বলেন, বাংলাদেশে বিস্ময়কর অর্জনের পেছনে দেশের নারী সমাজের বিপুল অবদান রয়েছে। পোশাক শিল্পে কর্মরত নারীরা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষা ক্ষেত্রে নারীর বিপুল সংখ্যাক অংশগ্রহণ ও সব ধরনের কর্মক্ষেত্রে নারীর পদচারণা দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করছে। আমরা মনে করি, পবিত্র ধর্মের অপব্যবহার, কুসংস্কার ও রক্ষণশীলতা অতিক্রম করে নারীর ক্ষমতায়ন ও সম-অধিকার মুক্তিযুদ্ধের স্বপ্নের আধুনিক যুক্তিবাদী সমাজ গড়ার প্রধান রক্ষাকবচ। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, অজয় রায়, শিল্পী কাইয়ুম চৌধুরী, লেখক সৈয়দ শামসুল হক, ডা. আনোয়ারা সৈয়দ হক, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, রাশেদা কে চৌধুরী, ডা. সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারেক, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সাংবাদিক আবেদ খান, নাসিমুন আরা হক মিনু ও অর্থনীতিবিদ এমএম আকাশ এ বিবৃতি দেন।