পাওলি দামের বিপরীতে মাজনুন মিজান

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ১৯:৪৯
নগ্নতাকে পুঁজি করেই দর্শকমহলে পরিচিতি পেয়েছেন পাওলি দাম। শুধু দর্শকমহলেই নয়, একাধিক পরিচালকও তার প্রতি নির্ভরশীল হয়েছেন। বলিউডে ‘হেট স্টোরি’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হলেও সমালোচনাও কম কুড়াননি। ছবিটি বক্স অফিসে ব্যবসা সফল না হলেও পাওলি দামের চাহিদা বেড়েছে এটা নিশ্চিত। এবার এই পাওলি দাম অভিনয় করবেন বাংলাদেশি চলচ্চিত্রে। ‘দাবাড়ু’ শিরোনামের চলচ্চিত্রে মাজনুন মিজানের বিপরীতে অভিনয় করবেন পাওলি দাম। ছোটপর্দার ব্যস্ত অভিনেতা মাজনুন মিজানেরও এটি প্রথম চলচ্চিত্র। এরইমধ্যে ছবিটির প্রমো শুট হয়ে গেছে। পাওলি দামের অভিনয়ের বিষয়টি ছবিটির কেন্দ্রীয় অভিনেতা মাজনুন মিজান ও পরিচালক শামীম নিশ্চিত করেন। তারা আরও বলেন, ‘আগামী অক্টোবর মাস থেকে এই চলচ্চিত্রের শুটিং পুরোদস্তুর শুরু হবে। এর প্রি-প্রোডাকশন নিয়েই এখন আমরা খানিকটা ব্যস্ত আছি।’