একই নাটকে তিন মোশাররফ!

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ১৯:৪৯
এ সময়ের ছোটপর্দার ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে এবারের ঈদের একটি নাটকে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অনিমেষ আইচের চিত্রনাট্যে ‘রেডিও’ শিরোনামের এই নাটকটির পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকে দেখা যাবে মোশাররফ করিমকে দুই জমজ ভাইয়ের চরিত্রে। শুধু জমজ ভাই-ই নয়, একই পরিবারের ওই জমজ দুই ভাইয়ের বাবার চরিত্রেও দেখা যাবে মোশাররফ করিমকে। নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘মোশাররফ করিম নিয়মিতই ভিন্নধর্মী কাজ উপহার দিয়ে থাকেন। অভিনয়ের দিক থেকে তার তুলনা নেই। অনিমেষ দা’ আমার খুবই কাছের মানুষ। আমি যখনই কোনো নাটক বানাতে যাই আগে অনিমেষ দা’র কাছে যাই চিত্রনাট্যের জন্য। তিনিও আমাকে খুব পছন্দ করেন। অনিমেষ দা’ই মোশাররফ করিমকে একই নাটকে ৩টি চরিত্রে রেখে লিখেছেন। গল্পটার ধরন অনেকটা সিরিয়াস হলেও, হাস্য-রসাত্মকের মধ্য দিয়েই এগিয়েছে নাটকটি। মোশাররফ করিমও প্রোডাকশনটি অনেক যত্নসহকারে করেছেন। আসছে ঈদে নাটকটি এসএ টিভিতে প্রচার হবে।’ নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘সবসময় চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর ঈদে এমনিতেই দর্শকদের বাড়তি একটা চাহিদা থাকে। সেদিক থেকে আমার অভিনীত এবারের ঈদের নাটকের মধ্যে একেবারেই ভিন্ন একটি নাটক হতে যাচ্ছে ‘রেডিও’। আশাকরি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’