এ যুগের লাইলী-মজনু

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ১৯:৫১
পারস্য কবি নিজামি গানজাভির ‘লাইলী-মজনু’ নিয়ে অনেকবার চলচ্চিত্র নির্মিত হয়েছে। নতুন করে আবারও নির্মিত হচ্ছে অমর এই প্রেমকাহিনী। তবে একটু ভিন্নভাবে। গল্পটুকুর সারমর্ম নিয়ে বর্তমান প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে লাইলী-মজনু আখ্যান। আর এ যুগের লাইলী-মজনু হয়েছেন নাদিয়া ও আনিসুর রহমান মিলন। এরই মাঝে তারা শুটিংয়ে অংশ নিয়েছেন। তিনটি অমর প্রেমকাহিনীর কেন্দ্রীয় চরিত্র নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘নীল রঙের গল্প’। চরিত্রগুলো হচ্ছে শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস-পার্বতী’, পারস্য কবি নিজামি গানজাভির ‘লাইলী-মজনু’ এবং উইলিয়াম শেক্সপিয়রের ‘রোমিও-জুলিয়েট’। চরিত্রগুলো বর্তমান প্রেক্ষাপটে আধুনিক ঢঙে একটি গল্পে এসে একত্রিত হয়েছে। যেখানে দেখা যাবে, দেবদাস-মজনু-রোমিও একই ইউনিভার্সিটির ছাত্র। আর তিনজনের মধ্যে বন্ধুত্বও চরম। তাদের জীবনে প্রেম আসে। ধীরে ধীরে পূর্ণতা পায় দেবদাস-পার্বতী, লাইলি-মজনু এবং রোমিও-জুলিয়েটের প্রেম। বর্তমানে ‘নীল রঙের গল্প’ ধারাবাহিকের শুটিং চলছে। এরই মাঝে শুটিংয়ে অংশ নিয়েছেন লাইলী-মজনু জুটি নাদিয়া-মিলন, রোমিও-জুলিয়েট জুটি নিলয়-জেনি এবং দেবদাস-পার্বতী জুটি নিশো-তিশা। লাইলী চরিত্রের অভিনেত্রী নাদিয়া বলেন, ‘নাটকের কনসেপ্টটি অসাধারণ। একেবারে আধুনিকভাবে নাটকটি নির্মিত হচ্ছে। আমি এ নাটকের একটি অংশ। আমার ধারণা নাটকটি দর্শকের পছন্দের তালিকায় থকবে।’ ‘নীল রঙের গল্প’ ধারাবাহিকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।