১৭ বছরে এটিএন বাংলা

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ১৯:৫২
আজ পথচলার ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পা রাখছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ওই দিন বিশ্বব্যাপী প্রথম বাংলা ভাষার সম্প্রচার ঘটে চ্যানেলটির মাধ্যমে। প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ড. মাহফুজুর রহমান বাংলাদেশের সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেন স্যাটেলাইটের মাধ্যমে। ১৯৯৯ সালের মে মাসে এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয় এটিএন বাংলা। এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। ১৬ আগস্ট ২০০১ সংবাদ, আর ২০০২-এর ১ অক্টোবর শুরু হয় ইংরেজি সংবাদ প্রচার। ২০০৩ সালে শুরু হয় প্রতি ঘণ্টার সংবাদ। নিরপেক্ষ সংবাদ প্রচার করে এটিএন বাংলা হয়ে ওঠে দেশের অন্যতম সেরা সংবাদ মাধ্যম। সব ধরনের সংবাদ সবার আগে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বরাবরই এগিয়ে থাকার পাশাপাশি দুঃসাহসিক সংবাদ সংগ্রহে কখনও পিছপা হয়নি চ্যানেলটি। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠার প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। দেশ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই অনুষ্ঠান প্রচার করে আসছে চ্যানেলটি। সব ধরনের অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রেই এটিএন বাংলা তার নিজস্বতা বজায় রেখেছে। সেইসঙ্গে গতানুগতিক ধারার অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে গা ভাসানো থেকেও বিরত থেকেছে। দীর্ঘ দেড় দশকের পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য অ্যামি অ্যাওয়ার্ড অর্জন। এশিয়া অঞ্চল থেকে আঞ্চলিক অ্যাওয়ার্ড, মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, বজলুর রহমান স্মৃতিপদক, এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার-২০১২, ইউনাইটেড নেশনস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ইউএনসিএ) অ্যাওয়ার্ড ২০১২ অর্জন করে এটিএন বাংলার অনুষ্ঠান। বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম পরিচালিত ‘টিভি দর্শক জরিপ’-এ নিরপেক্ষ সংবাদ প্রচারের জন্য বরাবরই ভালো একটি অবস্থানে আছে।