একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। ইফতেখার আহমেদ ফাহমীর রচনায় এবং অর্ক মোস্তফার পরিচালনায় ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আগুন, নাদিয়া, আরমান পারভেজ মুরাদ, সানজিদা প্রীতি, তানভীর, ফারহানা মিঠুসহ আরও অনেকে। ধারাবাহিক নাটক ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ প্রতি রবি এবং সোমবার রাত ৮টা ২০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে। নাটকের কাহিনীতে দেখা যাবে—
শিমু ও ফয়সাল দম্পতি। শিমু ও ফয়সাল দুজনই চাকরিজীবী। ফয়সাল কাজ করে একটি কোচিং সেন্টারে। তিনি ভীষণ আত্মকেন্দ্রিক ও বদরাগী প্রকৃতির এবং তার বর্তমান অবস্থানে মোটেও সন্তুষ্ট নয়। তাকে কখনও বিমর্ষ, আবার কখনও রেগে থাকতে দেখা যায়। যা তার সংসারের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। শিমু ফয়সালকে সাহায্য করতে চাইলেও পারে না। সে কিছুতেই ফয়সালকে বুঝে উঠতে পারে না। একসময় শিমুও নিজেকে গুটিয়ে নেয়। নির্লিপ্তভাব চলে আসে তার মধ্যে। অনেক কিছু মনে হলেও তা প্রকাশ করে না।
এভাবেই এগিয়ে চলে ধারাবাহিক নাটকটি।
