বলিউড

শাবানা আজমী

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২০:০২
শাবানা আজমী বিখ্যাত বলিউড অভিনেত্রী। তার জন্ম ১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর। ১৯৭৪ সালে প্রথম সিনেমায় অভিনয় করেন বলিউডের সমান্তরাল সিনেমার প্রধানতম এই অভিনেত্রী। তার অভিনয় জীবনের অসামান্য অবদানের জন্য ভূষিত হয়েছেন বহু পুরস্কারে। এর মধ্যে তিনি রেকর্ড সংখ্যাক পাঁচবার ‘ন্যাশন্যাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট এ্যাক্ট্রেস’ পেয়েছেন। দীর্ঘ অভিনয় জীবনে শাবানা আজমী ১২০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৮ সাল থেকে আজমী বেশ কয়েকটি বিদেশি ভাষায় অভিনয় করেছেন। শাবানা আজমী অভিনয়ের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রেখেছেন। ভারতের বিখ্যাত কবি কাইফি আজমী শাবানা আজমীর বাবা। তার ভাই বাবা আজমী একজন সিনেমাটোগ্রাফার। ছোটকাল থেকেই বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যদেরকে নানা সামাজিক কর্মকাণ্ডে সংযুক্ত দেখে উত্সাহিত হয়েছেন তিনি। নিজেকে যুক্ত করেছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। শাবানা আজমী প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মনোবিজ্ঞানের উপর গ্রাজুয়েশন করেন। জয়া ভাদুড়ির অভিনয় দেখে মুগ্ধ হয়ে তিনি এই কলেজে পড়াশুনাকালীন অভিনয়ে মনোনিবেশ করেন। অভিনয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি শাবানা আজমী অর্জন করেছেন বহু ডিগ্রী। ১৯৮৩ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত যথাক্রমে পরপর তিনবার তিনি ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। সব ধরনের চরিত্রকে সুন্দরভাবে বাস্তবরূপে ফুটিয়ে তুলতে পারার সক্ষমতা শাবানা আজমীকে করে তুলেছে ভারতের সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে। বড়ো পর্দায় ১২০টি সিনেমার বাইরে ছোটো পর্দায়ও তার উপস্থিতি ছিল বেশ সরব। আশির দশকে ছোট পর্দায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শাবানা আজমী ১৯৮৪ সালে ভারতের বিখ্যাত কবি জাভেদ আক্তারের সাথে বিবাহবন্ধনের আবদ্ধ হন। শাবানা আজমীর নিজের কোনো সন্তান নেই। তিনি শিশু অধিকার, এইডস আক্রান্তদের নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। শাবানা আজমী যখন এই কাজগুলো শুরু করেন তখন সমালোচকরা বলতে শুরু করে তিনি মিডিয়ার মনোযোগের জন্য এই কাজ করছেন। কিন্তু মানুষের জন্য তার কাজের এই আগ্রহ এবং স্পৃহা দেখে সেই সমালোকেরাও আজ তার প্রশংসায় পঞ্চমুখ। ১৯৯৭ সালে তিনি ভারতের রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। শাবানা আজমী এই উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে আঙ্কুর, নিশান্ত, ফাকিরা, আমার আকবার এ্যান্থোনি, জুনুন, স্পার্শ, মান্দি, ফায়ার, পার, গডমাদার, তেহজাব প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি বহুভাষায় অভিনয় করেছেন। পাঁচবার ভারতের সেরা অভিনেত্রীর খেতাব পেলেও এর জন্য নির্বাচিত হয়েছেন আটবার। এছাড়াও বেশ কয়েকটি বিদেশি পুরস্কারও লাভ করেছেন তিনি। ১৯৮৮ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করে। এছাড়া ‘গান্ধী ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড’ ওয়ার্ল্ভ্র ইকোনমিক ফোরামের ‘ক্রিস্টাল এ্যওয়ার্ড’সহ দেশ-বিদেশের বহু সম্মানসূচক পুরস্কারে ভূষিত হয়েছেন। শাবানা আজমী এ পর্যন্ত মোট চারটি ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন।