শিগগিরই সিরডাপভুক্ত দেশগুলোর এসএমই মেলা

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২০:১১
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উন্নয়নে সিরডাপভুক্ত (সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক) ১৭টি দেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এসএমই উন্নয়নে এসব দেশ পরস্পরের মধ্যে অভিজ্ঞতা কৌশল ও নীতিগত অভিজ্ঞতা বিনিময় করবে। এজন্য শিগগিরই এসব দেশের এসএমই উদ্যোক্তাদের নিয়ে মেলা ও কর্মশালার আয়োজন করা হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসএমই-এর উন্নয়ন শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে। গত মে মাসে এ বিষয়ে সিরডাপের সঙ্গে বাংলাদেশ ব্যাংক একটি সমঝোতা চুক্তিও করেছে বলে সেমিনারে জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান ওরানাটামাদিজা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, ডিসিসিআই’র সভাপতি মো. সবুর খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরডাপের মহাপরিচালক ড. সিসেপ ইফানদি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক এসএমই খাতের উন্নয়নে কাজ করে চলেছে। ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে এ খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত তিন বছরে যে পরিমাণ এসএমই ঋণ দেয়া হয়েছে তার ১৫ শতাংশই পেয়েছেন নারী উদ্যোক্তারা। এটা আমাদের অর্থনীতিতে ভাল ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির এ ধারা অব্যাহত থাকলে আমরা ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যআয়ের দেশে পরিণত হব। বাংলাদেশের এ উন্নয়নে পার্শ্ববর্তী দেশগুলো এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সালে ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকে এসএমই বিভাগ প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত এক লাখ ৯৬ হাজার ৩৬৯ হাজার কোটি টাকা এসএমই ঋণ বিতরণ করেছে। আর এ ক্ষেত্রে উদ্যোক্তার সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে ৩২ শতাংশ উত্পাদন খাতে, ৬২ শতাংশ বাণিজ্য খাতে এবং ৬ শতাংশ সেবা খাতে এ ঋণ দেয়া হয়েছে বলে জানান তিনি। ড. সিসেপ ইফানদি বলেন, সিরডাপভুক্ত দেশগুলো এসএমইসহ কৃষি ও অন্যান্য বিষয়ে একে অপরকে সহযোগিতা করে আসছে। বাংলাদেশের সাথে এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষরের ফলে বাংলাদেশের সঙ্গে সবধরনের কাজ করা আরো সহজ হবে। সুকোমল সিংহ বলেন, এসএমই উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংক বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। কারণ হিসেবে তিনি বলেন, দেশের উন্নয়নে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রসঙ্গত, আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাউস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম সিরডাপের সদস্য।