ব্রিটিশ সিংহাসনের নতুন উত্তরাধিকারী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামের প্রথম সন্তান যে কোন দিন ভুমিষ্ঠ হবে। গত ডিসেম্বর কেটের সন্তান ধারণের কথা জানানোর পর থেকেই এই মুহূর্তটির জন্য অনেকেই অপেক্ষায় আছেন। কি নাম রাখা হবে তা নিয়েও আগ্রহের কমতি নেই। মধ্য লন্ডনের প্যাডিংটনে বেসরকারি সেন্ট মেরি হাসপাতালে জন্ম হবে উইলিয়াম ও কেটের সন্তানের। এই হাসপতালেই জন্ম হয়েছিল প্রিন্স উইলিয়াম ও তার ছোট ভাই প্রিন্স হ্যারির। কেটের সন্তানকে ক্যামেরার সামনে হাজির করা হলে কে কার আগে তা দর্শকদের দেখাতে পারবে এই নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে বিশ্বের প্রধান সব মিডিয়ায়। আগে থেকেই সেই হাসপাতালের সামনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অবস্থান নিয়েছেন। কেট বার্কশায়ারে তার পিতা-মাতাকে দেখতে গেলে সেখানকার বার্কশায়ার হাসপাতালেও জন্ম হতো তার সন্তানের। এই হাসপাতালেই কেটের জন্ম হয়েছিল।
প্রিন্স উইলিয়াম কর্মরত আছেন নর্থ ওয়েলসে রয়েল এয়ার ফোর্সে। সামরিক বাহিনীতে কর্মরত অন্যদের মতো হয়তো আগেই তিনি উপস্থিত হতে না পারলেও যত তাড়াতাড়ি সম্ভব স্ত্রীর পাশে চলে আসবেন। কোন কারণে উইলিয়াম সময়মতো হাসপাতালে উপস্থিত হতে না পারলে কেটের মা সেখানে থাকবেন। রাজ পরিবারের নতুন শিশুর আগমনের বার্তা প্রথম পাবেন রানি দ্বিতীয় এলিজাবেথ, ব্রিটেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, কমনওয়েলথ দেশসমূহের গভর্ণর জেনারেল ও রাজ পরিবার ও কেট মিডলটনের পরিবারের অন্য সদস্যরা। মধ্যরাতে সন্তানের জন্ম হলে ৮৭ বছর বয়স্ক রানি হয়তো ঘুম থেকে উঠবেন না। সেক্ষেত্রে এই সংবাদটি জানার জন্য সকাল হওয়ার অপেক্ষায় থাকতে হবে। অর্থাত্ সকাল হওয়ার আগে শুভ সংবাদটি জানানো হবে না। এরপর নবজাতকের লিঙ্গ, ওজন ও জন্মের সময় উল্লেখ করে ডাক্তারের স্বাক্ষর করা বার্তা বাকিংহাম প্রাসাদের কর্মকর্তা হাসপাতাল থেকে আনবেন। তখনই বিশ্ববাসী জানবে রাজশিশুর আগমনের কথা। রাজপ্রাসাদের বাইরে এটি টাঙ্গিয়ে দেয়া হবে যে কাঠের ফ্রেমে উইলিয়ামের জন্মের বার্তা জানানো হয়েছিল সেটিতেই। এই বার্তা টাঙ্গানোর পরই কেবল বিশ্ববাসী জানতে পারবে রাজপরিবারে ছেলে না মেয়ের জন্ম হয়েছে।
সিংহাসনের নতুন উত্তরাধিকারীর কি নাম রাখা হবে তা নিয়েও জল্পনা-কল্পনার শেষ নেই। দশ দিনও লেগে যেতে পারে নাম রাখতে। নবজাতকের আগমন বার্তা জানানোর পর হাসপাতালের বাইরে বিবৃতি দেবেন নবজাতকের পিতা উইলিয়াম। এরপর গুলি ছুঁড়ে অভিবাদন জানানো হবে। কেট হাসপাতাল ছাড়ার সময় উইলিয়াম ও হ্যারিকে নিয়ে তাদের মা প্রিন্সেস ডায়ানা যেভাবে সবার সামনে হাজির হয়েছিলেন কেটও নবজাতককে নিয়ে সেভাবেই সামনে আসবেন। এই নতুন অতিথির প্রথম সপ্তাহ কাটতে পারে স্কটল্যান্ডে। কেটের জন্মস্থান বার্কশায়ারেও তারা চলে যেতে পারে। তবে সেটি কঠোর গোপনীয়তায় থাকবে।
