দেশের উত্তরাঞ্চল যখন বন্যায় ভাসছে তখন মেহেরপুর জেলায় বৃষ্টির অভাবে গাছপালা পুড়ে যাচ্ছে। পানির অভাবে মেহেরপুরের চাষিরা ধান চাষ করছেন সেচ দিয়ে। এতে লাভের বদলে ক্ষতির আশংকা দেখা দিচ্ছে। ঋতু অনুযায়ী এখন বর্ষাকাল। এসময় বৃষ্টির পানিতে মাঠঘাট থৈ থৈ করার কথা। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র। বর্ষার ভরা মৌসুমেও মেহেরপুরে এখনো কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। দিনেরবেলায় বৈশাখ-জ্যৈষ্ঠের ন্যায় কাটফাটা রোদ। প্রচণ্ড গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছে। মাঠ ফেটে চৌচির। যে কারণে চাষিরা তাদের লাগানো ধানে স্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন। এছাড়া সেচ দিয়ে ধান চাষের জন্য জমি তৈরি করছেন। আষাঢ়ে মেঘের গর্জনের পরিবর্তে মাঠে শ্যালো মেশিনের শব্দ শোনা যাচ্ছে। বেশি দামে জ্বালানি তেল কিনে ধান চাষ করে লাভের মুখ দেখতে পাবে কিনা তা নিয়ে চিন্তিত চাষি ।
