কুমিল্লার দেবিদ্বারে মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট গ্রামে ধানের ফসলি জমি থেকে আলী আহম্মদ নামে গত শনিবার এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। নিহত কৃষক আলী আহম্মদ কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভৈষেরকুট গ্রামের মৃত ছাদির আলীর ছেলে।
গত শনিবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি জমিতে কাজ করতে গিয়ে নিহতের মৃতদেহ দেখে ডাক-চিত্কার দেয়। পরে দেবিদ্বার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী পারুল আক্তার জানান, বৃহস্পতিবার বাড়িতে ইফতার শেষে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। গত শনিবার স্থানীয় লোকজন খবর দিলে ঘটনাস্থলে এসে তার মৃতদেহ দেখতে পাই।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. জিলানী জানান, ‘প্রাথমিক তদন্তে নিহতের পায়ে এবং কানের পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যা না স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্ত ছাড়া এখনই তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না’।
