দিনাজপুরের ফুলবাড়ির গৃহবধূ পলি বেগমের (২৫) গত এক মাসেও খোঁজ পাওয়া যায়নি। মায়ের অপেক্ষায় প্রহর গুণছে দুই শিশুপুত্র সোহেল (৭) ও রাসেল (৩)।
জানা গেছে, উপজেলার বেতদীঘি ইউনিয়নের নন্দলালপুর মহেশপুর গ্রামের মমিন উদ্দিনের স্ত্রী পলি বেগম (২৫) গত ৭ জুন অসুস্থ ভাইকে দেখার জন্য বাড়ি থেকে বাপের বাড়ি পূর্ব গৌরীপাড়া গ্রামে আসার কথা বলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। গত ৮ জুন থানায় একটি জিডি করা হয়। মায়ের জন্য অবুঝ দু্্্্ই শিশু সারাক্ষণ কান্নাকাটি করছে। নিখোঁজ পলি বেগমের স্বামী মমিন উদ্দিন বলেন, কিছুদিন থেকে পলি বেগমের আচার-আচরণ চলাফেরা রহস্যজনক হয়ে ওঠে। কিছুক্ষণ পরেই পলি বেগম তার কোলের সন্তানকে মমিন উদ্দিনের বোনের কাছে রেখে নিজের অসুস্থ ভাইকে দেখার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি জিডি হয়েছে। পুলিশ তদন্তসহ নিখোঁজ পলি বেগমের সন্ধান করছে।
