দেহ ব্যবসাকে কেন্দ্র করে গত শনিবার রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ে স্থানীয় দুই ইউপি সদস্যের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিদেশি পিস্তলসহ পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত শনিবার রাতে পতিতালয়ের প্রধান গেটে যৌনকর্মীদের খরিদ্দার ধরা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ডের ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জড়িয়ে পড়েন। উভয়পক্ষে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষের এক পর্যায়ে ইউপি সদস্য সংঘর্ষে আইয়ুব খানের মদের দোকান এবং রেলওয়ে স্টেশনে ইউপি সদস্য জলিল ফকিরের নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ভাংচুরের ঘটনা ঘটে। আব্দুল জলিলের বোনজামাই বাবু মোল্যা পিস্তুল বের করে আইয়ুবকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়ে। বাবুকে চারদিক থেকে লোকজন ঘেরাও করে পিস্তলসহ আটক করে মারধর করে। ওসি আবুল বাসার বলেন, শনিবার রাতে দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বাবু মোল্যা নামে একজনকে দুই রাউন্ড গুলি ভর্তি দুটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রবিবার ইউপি সদস্য আইয়ুব খান বাদী হয়ে থানায় মামলা করেন।
