পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থীরা নানা কৌশলে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। দু’দলের একাধিক প্রার্থী এখন মাঠ চষে বেড়াচ্ছেন। সভা-সমাবেশ, শুভেচ্ছা বিনিময়, দান-খয়রাত, সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করে জানান দিচ্ছেন তারা আগামীতে জনগণের নেতা হতে চান। ক্ষমতাসীন দলের প্রার্থীর তালিকায় যাদের নাম উঠে এসেছে তারা হলেন, বর্তমান এমপি ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, আমেরিকা প্রবাসী আবুল কালাম আজাদ, মেছবাহুর রহমান রোজ, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর উপজেলা চেয়ারম্যান অ্যাড. শামসুদ্দিন খবির, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোঃ বাকিবিল্লাহ। বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন, সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান কে এম আনোয়ারুল ইসলাম, সমাজ সেবক রাজিউল হাসান বাবু, আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আযম রনি, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. রবিউল করিম রবি। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অ্যাড. আব্দুস সাত্তারের নাম শোনা যাচ্ছে। সমপ্রতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার চাটমোহর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এছাড়া বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আবুল কালাম আজাদ ও হাসানুল ইসলাম রাজার পক্ষে হয়েছে মোটর সাইকেল শোভাযাত্রা। অন্যরা বিভিন্ন মসজিদে অনুদান প্রদান অব্যাহত রেখেছেন।
