রাজশাহীতে টেলিটক থ্রিজি চালুর অপেক্ষায়

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২১:০৪
রাজশাহী মহানগরীতে শিগগিরই চালু হচ্ছে টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা। এজন্য সরকারিভাবে প্রস্তুতির কাজ চলছে। মহানগরীর মালোপাড়ার বিটিসিএল চত্বরে বসানো হয়েছে টাওয়ার। প্রয়োজনীয় অন্যান্য প্রযুক্তি স্থাপনের কাজ এগিয়ে চলেছে। সরকারি ঘোষণা মতে, চলতি জুলাইয়ে সকল বিভাগীয় শহরে থ্রিজি চালু থাকলেও বেসরকারি মোবাইল অপারেটরগুলোকে লাইসেন্স প্রদানে জটিলতায় এ উদ্যোগ পিছিয়ে পড়ে বলে টেলিটকের সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) খোরশেদ আলম জানান। থ্রিজি চালুর প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে। পুরাতন যন্ত্রপাতিগুলো অন্য বিভাগে পাঠানো হয়েছে। এখন সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই থ্রিজি চালু করা সম্ভব। রাজশাহীতে থ্রিজি নেটওয়ার্ক স্থাপনের দায়িত্বে নিয়োজিত ‘এমএম কর্পোরেশনের বিভাগীয় প্রকৌশলী নাহিদুর রহমান বলেন, আগামী ২/৩ মাসের মধ্যে রাজশাহী মহানগরীর টেলিটক গ্রাহকরা থ্রিজির সেবা পাবেন।