সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২১:০৫
বনপাড়া পৌরসভার বাজেট পেশ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বনপাড়া পৌরসভায় ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। শনিবার বর্তমান পরিষদের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনতার মুখোমুখি ও ইফতার মাহফিলে বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন ২৬ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৯০৪ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করেন। দাগনভূঞায় ডাকাত সর্দার গ্রেফতার দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে ডাকাত সর্দার আতিকুর রহমান প্রকাশ রিয়াদ (৩৫) কে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ। শনিবার উপজেলা তুলাতলি বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । দীর্ঘদিন যাবত্ খুন, চুরি ও ডাকাতি করে আসছিল। উজিরপুরে ওপেন হাউজ ডে বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ উজিরপুরের শিকারপুর বন্দরে মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা এবং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকাবাসীর মূল দাবি ছিল হারানো পুলিশ ক্যাম্প ফিরিয়ে পাওয়া। শনিবার শিকারপুর বন্দর কমিটির সভাপতি আঃ মন্নান হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এহসানউল্লাহ। শ্রীপুরে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির চেক বিতরণ শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের মহিলা কর্মীদের চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদের সঞ্চিত অর্থের চেক শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। এ প্রকল্পের আওতায় উপজেলার ৮০ জন মহিলা শ্রমিকের আয়ের সঞ্চিত অর্থের প্রায় ৫৭ লক্ষ টাকা এ সময় বিতরণ করা হয়েছে। নাসিরনগরে আশার সমন্বয় সভা নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ শনিবার আশার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর আঞ্চলিক কার্যালয়ে উপজেলার ৭টি ব্রাঞ্চের বিএমদের নিয়ে বিএম ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্ব্বে এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. সাজেদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন সদর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ সাফিউদ্দিন, কুন্ডা ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আসাদুজ্জামান। বোদায় বন্যাদুর্গত পরিবারে ত্রাণ বিতরণ বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ বোদা পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের উদ্যোগে ত্রিপল, শাড়ি, লুঙ্গি ও শিশুদের পোশাক বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন শুক্রবার বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বন্যাদুর্গত ৫৭৬ জন পরিবারদের মাঝে এসব ত্রিপল, শাড়ি লুঙ্গি ও শিশু পোশাক বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বানারীপাড়ায় শ্রমিক ইউনিয়নের কমিটি বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সমপ্রতি গঠিত কমিটিতে মোঃ দেলোয়ার হোসেন হাওলাদারকে সভাপতি ও স্বপন বেপারীকে সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অপর নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি মোঃ মনির হোসেন সরদার, সহ-সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান মৃধা, কোষাধ্যক্ষ মোঃ সাব্বির হোসেন, প্রচার সম্পাদক মোঃ সুমন ও দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার। চান্দিনা-মহিচাইল হাসপাতালে বৃক্ষরোপণ চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চান্দিনা উপজেলার মহিচাইল ২০ শয্যা হাসপাতালে বৃক্ষ রোপণ করা হয়েছে। শনিবার সামাজিক বনায়ন রোপণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. নাজমুল আহসান মজুমদার রিপন। দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় ওই হাসপাতাল চত্বরে প্রায় ৬ শতাধিক বৃক্ষ রোপণ করা হয়। কুমিল্লায় ভূমিহীনদের খতিয়ান প্রদান কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধা ও দুস্থদের মাঝে টাকার চেক ও খাস ভূমির বন্দোবস্ত প্রদানের খতিয়ান, ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করেন। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে শিক্ষার্থী বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ মধ্যবর্ষ পরীক্ষা বাতিলসহ ১১ দফা দাবিতে শনিবার চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে নিজেদের দাবি আদায়ে বিক্ষোভ শুরু করে । জগন্নাথপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কানু মিয়া (৪০) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বাউধরন গ্রামের রফিক মিয়ার নারিকেল গাছ ভেঙ্গে ফেলে লাল মিয়ার লোকজন। এনিয়ে রফিক মিয়া ও লাল মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চৌদ্দগ্রামে দুই ছিনতাইকারী গ্রেফতার চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রাকের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নোয়াপাড়া এলাকায় থামে। চালক ও হেলপার গাড়ি থেকে নামার পর সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তাদেরকে মারধর করে নগদ টাকা ও মোবাইল সেট লুটে নেয়। চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। ত্রিশালে বাস ট্রাক সংঘর্ষে ২৫ শিক্ষার্থী আহত ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। ত্রিশাল থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার ময়মনসিংহ শহর হতে ছেড়ে আসা কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কানহর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই ট্রাক সংঘর্ষ হয়। এতে ২৫ শিক্ষার্থী আহত হয়। বেলকুচি-চৌহালীতে বিএনপি নেতার গণসংযোগ সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জ বেলকুচি-চৌহালী সংসদীয় আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী গোলাম মওলা খান বাবলু এলাকায় গণসংযোগ শুরু করায় নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাকে পেয়ে ঝিমিয়ে পড়া বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। গতকাল রবিবার শেরনগর নিজস্ব বাসভবনে ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। ইফতার মাহফিলে উপজেলা বিএনপি ও ১৮ দলীয় জোট নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত ২০০৮ সালের নির্বাচনে বিএনপি কেন্দ্রীয় কমিটি তাকে মনোনয়ন দিলেও সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা মেজর (অবঃ) মঞ্জুর কাদেরকে আসনটি ছেড়ে দেন। গোলাম মওলা খান বাবলুর পিতা মরহুম আবু কোরাইশী খান ছিলেন শিক্ষানুরাগী। তার হাতে বেলকুচি ডিগ্রি কলেজ, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। লালমনিরহাটে ভেজাল রোধে মানববন্ধন লালমনিরহাট প্রতিনিধি \ ‘স্বাস্থ্য আমার অধিকার’ এই স্লোগানে রবিবার জেলা শহরের বিডিআর গেট মোড়ে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জীবন বাঁচাতে খাদ্যে ভেজাল প্রতিরোধে সচেতনতামূলক এই মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকগণ অংশ নেন। এতে বক্তৃতা করেন, ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতিক, লালমনিরহাট বার্তা সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম। কুমিল্লায় অগ্রণী ব্যাংকে অগ্নিকাণ্ড কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা দেবিদ্বারে উপজেলা সদরে অগ্রণী ব্যাংকের কলেজ রোড শাখায় শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্রণী ব্যাংকের দেবিদ্বার শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বৈদ্যুতিক আগুনে ব্যাংকের কম্পিউটার, লেজার প্রিন্টার, আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। নন্দীগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রামের দলগাছা গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। দলগাছা গ্রামের জহুরুল ইসলামের মেয়ে লিপি (৬) বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। লিপি দলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। বাগেরহাটে মহিলার আত্মহত্যা বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাট-মংলা মহাসড়কে মালা বেগম নামে (২৫) এক মহিলা ক্যাভার্ডভ্যানের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার বাগেরহাট-মংলা মহাসড়কের মংলা উপজেলার দিগরাজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছেন তা পুলিশ জানাতে পারেনি। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সে মংলা পৌরসভার ১নং ওয়ার্ডের মাছমারা এলাকার সিদ্দিক ফরাজীর মেয়ে। কালীগঞ্জে বন্দুকের বাটসহ যন্ত্রপাতি উদ্ধার কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহের কালীগঞ্জ থেকে দুইটি বন্দুকের বাটসহ বন্দুক তৈরির বিভিন্ন ক্ষুদ্র যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ। শনিবার কালীগঞ্জের বারোবাজার ক্যাম্প পুলিশ শহরের ঘোপ পূর্বপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুকের বাটসহ ক্ষুদ্র যন্ত্রপাতি ও গুলি উদ্ধার করে।