ক্ষতিগ্রস্তদের সহায়তায় জমা পড়েছে ১২৮ কোটি টাকা

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২১:৩১
সাভারে রানা প্লাজা ভবন ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রায় ১২৮ কোটি টাকা ত্রাণ হিসাবে জমা হয়েছে। গতকাল রবিবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ তথ্য জানান। মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, সাভার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ত্রাণ হিসাবে অর্থ গ্রহণ করা হচ্ছে। এ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ত্রাণ হিসাবে জমা দেয়া অর্থের পরিমাণ ১২৭ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার ৩৪৯ টাকা। রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বেড়েছে। চার বছরে চার হাজার ৪২ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হয়েছে।