দেওটি ইউনিয়নে ভয়াবহ লোডশেডিং

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২১:৩৯
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলাধীন ৯ নম্বর দেওটি ইউনিয়ন ভয়াবহ লোডশেডিং-এর কবলে। বিশেষ করে নান্দিয়াপারা আন্দিরপাড় ও রুহুলআমিন নগরসহ বেশকিছু গ্রামে বিদ্যুত্ থাকলেও বিদ্যুত্ সরবরাহ করা হয় না বললেই চলে। সাধারণত রাতে সর্বোচ্চ এক ঘন্টা এবং দিনে এক দুই ঘন্টা বিদ্যুত্ থাকে, যা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ। সামান্য ঝড় বা বাতাসে এই এলাকার বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা মেরামত করতে ৫-৭ দিন সময় লেগে যায়। নান্দিয়াপাড়াতে রয়েছে ডিগ্রি কলেজ, হাইস্কুল, মাদরাসা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশকিছু কিন্ডারগার্টেন। এসব প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ১২০০ মতো। ঘন ঘন বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন ও লোডশেডিং-এর কারণে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এছাড়াও রুহুল আমিন নগরে স্থাপিত বীর শ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও জাদুঘরের কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে একমাত্র লোডশেডিং এর কারণে। বিদ্যুতের বিতরণ ব্যবস্থার চরম অনিয়মের কারণে আজ আমাদের অর্থাত্ ৯ নম্বর দেওটি ইউনিয়নবাসীর দুর্ভোগের শেষ নেই। আমরা যেন শীঘ্রই এই ভয়াবহ লোডশেডিং-এর কবল থেকে রক্ষা পাই, সেজন্য আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সনির্বন্ধ আবেদন জানাই। আহমদ উল্লাহ, নান্দিয়াপাড়া, সোনাইমুড়ী, নোয়াখালী