নতুন কোচ ডেভিড মোয়েসের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা ভাল হলো না। প্রাক মৌসুম অনুশীলনের অংশ হিসেবে এশিয়া সফরের প্রথম ম্যাচে গত শনিবার রাতে মোয়েস বাহিনী ব্যাংকে থাইল্যান্ডের সিংঘা অল স্টার একাদশের বিপক্ষে ১-০ গোলে হেরে হতাশ করেছে সমর্থকদের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ার পরে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি আর ম্যাচে ফিরে আসতে পারেনি। আর তাতেই নতুন ম্যানেজার মোয়েসের হতাশাজনক মুখ ডাগ আউটে সকলের দৃষ্টি আকর্ষণ করে। থাইল্যান্ডে অবশ্য নতুন কোচকে বেশ উষ্ণ অভর্থ্যনাই জানিয়েছিল ইউনাইটেড সমর্থকরা। কিন্তু এশিয়া সফরে সেই প্রত্যাশার প্রতিদান প্রথম দিনে দিতে পারলেন না মোয়েস। ম্যাচের একমাত্র গোলদাতা তিরাতেপ উইনোথাই ম্যাচের সেরা দুটো সুযোগের মধ্যে একটিকে কাজে লাগিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন। এই ফলাফল যদিও একটি প্রীতি ম্যাচের এবং গতকালকের দলটি ছিল অপেক্ষাকৃত তরুণদের নিয়ে সাজানো, কিন্তু তারপরও মোয়েসকে একটি কথা মনে রাখতে হবে তিনি স্যার অ্যালেক্স ফার্গুসনের ২৭ বছরের ৩৮টি শিরোপাধারী বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাবের মূল ব্যক্তি। তাই প্রীতি ম্যাচ হলেও এর ফলাফল ক্লাবের জন্য অবশ্যই ব্যর্থতার।
সমর্থকরা এই ম্যাচ দেখতে প্রায় ৪০০০ বাথ (১৩০ মার্কিন ডলার) খরচ করে মাঠে এসেছিল। কিন্তু ব্যাংককের অস্বস্তিদায়ক গরমের সন্ধ্যায় প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখে হতাশ হয়েই বাড়ি ফিরেছে। ম্যাচের শুরু থেকেই মোয়েসের দল ছিল বেশ ধীরগতির। প্রথম একাদশে একমাত্র স্ট্রাইকার হিসেবে মোয়েস ড্যানি ওয়েলবেককে নামিয়েছিলেন। যদিও রবিন ফন পার্সি এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওয়েইন রুনিদের মত তারকারা সফরে না থাকায় প্রথম থেকেই অনেকটা দুর্বলতা নিয়ে ব্যাংককে আসে ম্যান ইউ। বিপরীতে থাই লিগে সেরা খেলোয়াড়দের নিয়ে সাজানো স্বাগতিক দল নিজেদের সেরা খেলা উপহার দেবার জন্যই যেন মাঠে নেমেছিল। ম্যাচের শুরুতেই সিংহা অল স্টার্স একাদশ এগিয়ে যাবার সুযোগও সৃষ্টি করেছিল। তেরাতেপের একটি দুর্দান্ত প্রচেষ্টা শেষ মুহূর্তে জনি ইভান্স কোনরকমে রক্ষা না করলেও তখনই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। প্রথমার্ধে ইউনাইটেডের মূল ভরসা ছিলেন আঠার বছর বয়সী অভিষিক্ত বেলজিয়ান আদনান জানুজাই। নিজের দক্ষতা দিয়ে তিনি বেশিরভাগ সময়ই থাইল্যান্ডের উপর আগ্রাসী হয়ে উঠেছিলেন। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি।
রাজমঙ্গলা স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য ড্র হবার পরে দ্বিতীয়ার্ধে সফরকারীরা কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। কিন্তু ৪৯ মিনিটে তেরাতেপ গোলপোস্টের খুব কাছ থেকে এ্যামোসকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালে স্বাগতিকরা এগিয়ে যায়। এরপর অবশ্য জানুজাই এবং ক্রিস্টাল প্যালেস থেকে নতুন চুক্তিভুক্ত উইলফ্রিড জাহা ম্যাচ শেষের ১৫ মিনিট আগে হেডের সাহায্যে গোলের সুযোগ নষ্ট না করলে ম্যান ইউ ম্যাচে ফিরে আসতে পারত। ৮০ মিনিটে গিগসের ক্রস থেকে ওয়েলবেক আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন। আগামী ১৭ আগস্ট প্রিমিয়ার লীগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করার আগে সফরের বাকি দিনগুলোতে অস্ট্রেলিয়া, জাপান, হংকং এবং সুইডেনে ভাল করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মোয়েস। তবে ফার্গুসনের একটি ইতিহাস থেকে তিনি অন্তত সান্ত্বনা পেতে পারেন। ১৯৮৬ সালে ফার্গুসন যখন প্রথম কাজ শুরু করেন তখন অক্সফোর্ডে ২-০ গোলের হার দিয়ে ইউনাইটেডের ক্যারিয়ার শুরু করেছিলেন।
ইউনাইটেড দল এখন অবস্থান করছে অস্ট্রেলিয়াতে। গতকাল সকালে তারা দেশটির রাজধানী সিডনিতে এসে পৌঁছায়। বিমান বন্দরে নেমেই মোয়েস বলেন, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। একটি ভাল ফুটবল দল এবং ভাল ক্লাব হিসেবে নিজেদের পারফরম্যান্স ধরে রাখার জন্য আমাদের যা করণীয় সেটাই আমরা করবো।’
এটাই মোয়েসের প্রথম অস্ট্রেলিয়া সফর নয়। তিন বছর আগে সাবেক ক্লাব এভারটনের কোচ হিসেবেও অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগের দলের বিপক্ষে খেলতে অস্ট্রেলিয়ায় এসেছিলেন এই স্কটিশ।
