পররাষ্ট্রমন্ত্রীর বাসায় ককটেল

ছাত্রদলের দুই কর্মী রিমান্ডে

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:৩৮
পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ককটেল বিস্ফোরণের অভিযোগে ছাত্রদলের দুই কর্মীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন তিতুমীর কলেজের ছাত্র মো. মাহবুবুল আলম ও মো. আকিল। এর মধ্যে আকিল ছাত্রদল কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম শুনানি শেষে তাদের জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ৭ দিন জিজ্ঞসাবাদের অনুমতি চান। আসামিদের পক্ষে তাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। গত ২৮ এপ্রিল ভোরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি'র ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবনের ছাদে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন অজ্ঞাতনামা আসামিদের নামে মন্ত্রীর একান্ত সচিব মিজানুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা করেন। একই অভিযোগে গত ১৫ জুন চাঁদপুর সরকারি কলেজের ছাত্রদলের সদস্য সচিব রফিক ও চাঁদপুর সদর থানার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মেদ পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড শেষে তারা কারাগারে আছেন।