রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত তিন

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:৪৭
রাঙ্গামাটির কাপ্তাই ও লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত এবং একজন আহত হয়েছে। অন্যদিকে খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জেএসএস-এর এক সদস্য নিহত হয়েছে। রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, কাপ্তাই চিত্মরম ইউনিয়নের আগাপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে থোয়াই চাই মারমা (লালপোয়া) নামে একজন নিহত হয়েছে। লংগদুর আঠারকছড়া ইউনিয়নের উল্টাছড়ি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে এনজয় চাকমা (২৮) নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় তার শিশুপুত্র প্রীতিময় চাকমা (১০)। লংগদুর হত্যাকাণ্ড সম্পর্কে থানা পুলিশ ও এলাকার জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, উপজেলার উল্টাছড়ি এলাকায় গতকাল ভোর ৫টার দিকে এনজয় চাকমার বাড়িতে ৫-৬ জন হঠাত্ প্রবেশ করে এনজয় চাকমাকে লক্ষ্য গুলি করে করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার পুত্র প্রীতিময় চাকমা পায়ে গুলিবিদ্ধ হয়। নিহত এনজয় চাকমা জনসংহতি সমিতির (এমএন লারমা) গ্রুপের কর্মী । পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, গত শনিবার রাত ৮টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী উপজেলার তাপিতাপাড়া এলাকায় অরুণ কান্তি চাকমার বাড়ি গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে বাইরে এনে গুলি করে হত্যা করে। নিহত অরুণ কান্তি চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) গ্রপের সক্রিয় কর্মী। এছাড়া তিনি পানছড়িতে খ্রিস্টান ধর্ম প্রচারকের দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে ।