ম্যান্ডেলার সম্মানে দ.আফ্রিকা-ইইউ সম্মেলন

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:৪৭
দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপীয় ইউনিয়নের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে বর্ণবাদ বিরোধী সংগ্রামী নেতা নেলসন ম্যান্ডেলার সম্মানে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই সম্মেলনে শ্রদ্ধা জানানো হবে জাতীয় এই বীরকে। আগামী বৃহস্পতিবারই ৯৫ বছরে পা রাখতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলা। সম্মেলনে ভারত মহাসাগরে জলদস্যুতা বন্ধে এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়টি গুরুত্ব পাবে। এদিকে একমাসের বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে চিকিত্সাধীন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা নিবেদন অব্যাহত রয়েছে। খবর নিউজ টুয়েন্টিফোরের। ম্যান্ডেলার সুস্থতা কামনায় বৃদ্ধ থেকে শুরু করে স্কুলের শিশুরাও নানা কর্মসূচি পালন করছে। অনেক ছেলে-মেয়ে ম্যান্ডেলার ছবি সংবলিত জামা-কাপড় পরছে। কিছু মেয়ে বালিকা সোয়েতোয় অবস্থিত তাদের ক্লাব থেকে হেঁটে প্রিটোরিয়ার হাসপাতালে যাচ্ছেন যেখানে ম্যান্ডেলা চিকিত্সাধীন। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন ‘লং ওয়াক টু মাদিবাস হসপিটাল’। উল্লেখ্য, লং ওয়াক টু ফ্রিডম নামে ম্যান্ডেলার একটি আত্মজীবনীমূলক উপন্যাস রয়েছে। ১৩ বছরের মেয়ে মাজিবুকো বলেন, আমরা মাদিবাকে জানাতে চাই, তিনি যা কিছু করেছেন তার সবকিছুর প্রশংসা করি আমরা। তিনি আমাদের জন্য সারাজীবন অনেক কিছু করেছেন। আর আমরা তারজন্য এটুকু করতে পারবো না! শুক্রবার সকালে হাঁটা শুরু করে তারা। ২০ ঘণ্টা পর তারা হাসপাতালে পৌঁছে। এদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি বলেছেন, তিনি আশা করছেন ম্যান্ডেলা শিগগির হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরে যাবেন। গত শনিবার তিনি এ কথা বলেন। হাসাপতালে ম্যান্ডেরাকে দেখে এসে তার বন্ধুরা জানিয়েছেন, ম্যান্ডেলা লাইফ সাপোর্টে আছেন।