চট্টগ্রামের পটিয়ায় বিমানবাহিনীর এ ফাইভ মডেলের একটি প্রশিক্ষণ বিমান ফসলী জমিতে পড়ে বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হলেও পাইলট মো. আরাফাত অক্ষত রয়েছেন। রবিবার বিকেল সাড়ে তিনটায় পটিয়া উপজেলার পূর্ব বড়লিয়াস্থ চাঁনখালী খালের বাঁকখালী গ্রামে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট মো. আরাফাত প্রশিক্ষণ গ্রহণকালে রবিবার দুপুরে আকাশে মেঘের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পাইলট প্যারাশ্যুট দ্বারা দ্রুত বিমান থেকে নেমে যান। পাইলট প্যারাশ্যুটে উপজেলার টেগরপুনি বড়ুয়াপাড়া নামক স্থানে নেমে পড়েন। প্রশিক্ষণ বিমানটি ফসলী জমিতে বিকট শব্দে ভূপাতিত হলে সাথে সাথে আগুন ধরে যায়। বিমানটি ফসলী জমিতে কয়েক ফুট মাটিতে ঢুকে যায়। বিমানটির ২টি পাখা ও পিছনের সামান্য অংশ মাটির উপরে রয়েছে। বাকি অংশ মাটির ভিতরে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, সেসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বিকট শব্দে একটি বিমান মাটিতে পড়তেই আমরা কয়েকজন দৌড়ে গিয়ে দেখি বিমানটিতে আগুন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে দ্রুত ছুটে যান পটিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও কিছুক্ষণ পরে বিমানবাহিনীর দুটি উদ্ধারকারী হেলিকপ্টার পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে নামে। বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারকারী বিমান এসে নিয়ে যায়।
