ভুটানের নির্বাচনে বিরোধী দলের জয়লাভ

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:৪৯
হিমালয়রাজ্য ভুটানের দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছে প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। পিডিপি নেতা শেরিং তোবগায় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের নিম্ন কক্ষ জাতীয় পরিষদের ৪৭টি আসনের মধ্যে পিডিপি পেয়েছে ৩২টি আসন। আর ক্ষমতাসীন দল দ্রুক ফুয়েনসাম শোগপা (ডিপিটি) পেয়েছে বাকি ১৫টি আসন। প্রায় ৮০ ভাগ ভোটার ভোট দেয়। ২০০৮ সালে ভুটানের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে মাত্র দুটি আসন পেয়েছিল পিডিপি। ভুটান ২০০৮ সালের প্রথম নির্বাচনের মধ্য দিয়ে রাজতন্ত্র থেকে সংসদীয় গণতন্ত্রে আসে। খবর বিবিসি ও এনডিটিভির।